
নতুন পালক যোগ হয়েছে চিত্রনায়িকা ফারিন খানের মুকুটে। ফারিন এবার শুভেচ্ছাদূত হয়েছেন।
এক বছরের জন্য ‘সিক্রেট বিউটি’ নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। কাজ করবেন এর প্রচার এবং প্রসারে। সময় নিউজকে এমনটাই জানিয়েছেন এ সুন্দরী।
ফারিন বলেন, কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। ডিসেম্বরে এ প্রতিষ্ঠানের কিছু কাজের পরিকল্পনা আছে। দেশীয় এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পেরে সত্যি ভালো লাগছে।
২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফারিন। মাঝে পড়ালেখার জন্য তিন বছরের বিরতি নেন তিনি। গত বছরের শেষ থেকে ফের শোবিজে কাজ করছেন এ সুন্দরী। সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
ফারিন বলেন, সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করছি। তবে আমার মূল ফোকাস সিনেমা। নতুন দুটি সিনেমার চুক্তি করেছি। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
গল্পনির্ভর সিনেমায় কাজ করতে চান ফারিন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজের ইচ্ছা আছে তার। এ অভিনেত্রীর ভাষায়, সব মাধ্যমেই কাজের ইচ্ছা আছে। যেহেতু আমার শুরুটাই হয়েছিল বড়পর্দা থেকে তাই এর প্রতি একটা ভালোলাগা সব সময় কাজ করে। ভালো গল্প পেলে ওয়েব ফিল্মেও কাজ করতে চাই।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন ফারিন। অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় কাজটি শেষ হয়েছে। শিগগির প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির।