বিস্তারিত: বীথি শর্মা বনিক, রিপোর্টে,
ঝালকাঠির কৃষ্ণকাঠী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নিজ কৃষ্ণকাঠীতে এ ঘটনা ঘটে। চাচাতো ভাই বাবুল মল্লিকের হামলায় সমির মল্লিকের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।
এলাকাবাসী জানায়, ‘নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমজেদ মল্লিক। পেশায় তিনি একজন সার্ভেয়ার। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা।’
হামলার পরপরই সমির মল্লিককে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, ‘দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমিয়ে নিয়ে বিরোধ ছিলো। এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেয়। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যায়। তখন বাবুল মল্লিক পিছন থেকে এসে লোহার শাবল/দন্ড দিয়ে মাথায় আঘাত করে। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরে।
পুরো ঘটনাটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই সমিরের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, ‘২০২৪ সালের ১৫ জানুয়ারী রাতে সমিরের বড় ভাই রিপন মল্লিক খুন হয়েছিলো। সেই ঘটনায় একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা চলমান রয়েছে।
ডিসিএন বাংলা টিভি/