গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে।
টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তৃতীয় হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।
সকালে গাজীপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনসকালে গাজীপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন
গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ফল ঘোষণার সময় মিলনায়তনে উপস্থিত ছিলেন জায়েদা খাতুনের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। মায়ের বিজয়ের পর জাহাঙ্গীর আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় কেবল তাঁর নয়, নগরবাসীর।
মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলমমা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০। ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ। এবার ৪৮০টি কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
ভোটের ফল ঘোষণার পর জায়েদা খাতুনের সমর্থকদের উল্লাসভোটের ফল ঘোষণার পর জায়েদা খাতুনের সমর্থকদের উল্লাস
নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
ডিসিএন বাংলা/নি.নি.