ডিসিএন বাংলা টিভি
নিউজ ডেক্স
মুমিনুল হারিয়ে খুঁজছেন নিজেকে, অধিনায়কত্বেও বিশেষ কিছু দেখাতে পারেননি। তাই ব্যাটার মুমিনুলকে ফিরে পেতে অধিনায়কত্ব নিয়ে তাকে নতুন করে ভাবতে বলেছে বিসিবি। বিসিবির সূত্র বলছে, মুমিনুল যদি বিসিবির পরামর্শ অনুধাবন করে নেতৃত্ব ছাড়তে চান তবে নতুন অধিনায়কও ভেবে রেখেছে বিসিবি। নতুন করে টেস্টের অধিনায়কত্বে ফেরানো হবে সাকিব আল হাসানকেই। টেস্ট ক্রিকেটে অনীহা থাকলেও অধিনায়কত্বের ডাক উপেক্ষা করতে পারেননি সাকিব। তাই মৌন সম্মতিও দিয়েছেন টেস্টের সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার।
তবে অধিনায়কত্ব ছাড়তে বোর্ড জোর করবে না মুমিনুলকে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দল ঘোষণার সময় মুমিনুলকেই টেস্ট অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তবে তিনি যদি চান শুধু ব্যাটার হিসেবেই খেলবেন এই সিরিজে, তবে বোর্ড তাকে অধিনায়কত্ব করার জন্য জোর করবে না। কিন্তু মুমিনুল যদি অধিনায়কত্ব ছাড়তে সম্মত না হন, তবে উইন্ডিজ সফর হবে তার জন্য অ্যাসিড টেস্ট। এ সিরিজে ব্যাটার ও অধিনায়ক মুমিনুলের পারফরম্যান্স যাচাই-বাছাই করা হবে আতসি কাঁচের নিচে ফেলে। ব্যর্থ হলে মুমিনুল চান বা না চান, অধিনায়কত্ব ছাড়তেই হবে তার।
অবশ্য মুমিনুল নিজেই অধিনায়কত্ব করে যেতে চান কি-না তা নিয়েই সন্দেহের অবকাশ আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে হারের পর বিসিবি সভাপতির সঙ্গে এক দফা আলোচনা হয়ে গেছে তার। সেখানে তিনি বলেছেন, অধিনায়কত্ব হয়তো চাপ ফেলছে তার ব্যাটিংয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও একই কথা বলছেন। মিরপুরে সোমবার (৩০ মে) তিনি সাংবাদিকদের বলেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই (মুমিনুলের জন্য)। ব্যাটিংয়ে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে তার সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, সেটিও তার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাটিংয়েও একটা প্রভাব পড়তে পারে। সেই সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়।’ এ বৈঠকেই ঠিক হবে মুমিনুল-সাকিবের ভাগ্য, এমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।
ডিসিএন বাংলা/জা.খে.নি.