আজ ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ার বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ রাখেন। সাক্ষ্যগ্রহণের দিন থাকায় মামুনুলসহ এ মামলার অন্য আসামিদের সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুর রহিম আদালতকে বলেন, “রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী আনতে ব্যর্থ হচ্ছে বার বার।”
বিচার শুরুর পর গত পাঁচ বছরে এ মামলায় একজনেরও সাক্ষ্যগ্রহণ হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দেলায়ার হাসেন। মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ ২০১৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় এ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ওই বছর ১৪ জানুয়ারি পীরেরবাগে বিএনপি-জামায়াতের কর্মীরা গাড়ি ভাংচুর করে এবং অগ্নিসংযোগেরও চেষ্টা করে। ওই মামলায় মামুনুল হক, বিএনপি নেতা নাঈম চৌধুরী, ইউসুফ মিয়া, মাহাবুব আলম এবং অজ্ঞাত ব্যক্তিসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম ওই বছরের ৩১ মার্চ মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্র জমা হওয়ার পর মামলাটি কয়েকটি আদালত ঘুরে ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আসে। ২০১৭ সালের ২৮ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
ডিসিএন বাংলা/ধ.আ.নি.