ভালো মানের স্বর্ণ প্রতি ভরিতে এক হাজার ৩১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৬ হাজার ৮০০ টাকা। বুধবার (৯ মার্চ) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে। মঙ্গলবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৪ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য রূপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
ডিসিএন বাংলা/জা.নি.