আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু বিকেল ৩টায়। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দলের চাওয়া ছিল শেষ ওয়ানডেতেও আফগানদের হারিয়ে ওয়ানডে সুপার লিগের এই সিরিজে বরাদ্দ ৩০ পয়েন্ট তুলে নেওয়া। পারেনি তামিম ইকবালের দল। ব্যাটিং ব্যর্থতায় বড় হারে শেষ হয় সিরিজ। ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে ব্যাটিংটা হয়নি দলের মনের মতো। এবার শুরু টি-টোয়েন্টির লড়াই। টি টোয়েন্টিতে পরিসংখ্যান ও কাগজে কলমে এগিয়ে থাকা আফগানদের বিরুদ্ধে অ্যাসিড টেস্টে আগামীকাল বৃহস্পতিবার (৩রা মার্চ) মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের বাহিনী।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গতকাল বিশ্রামে ছিলো দুই দল। আজ সকালে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সকাল ১১টা থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে স্কিল নিয়ে কাজ করছেন লিটন,মুশফিকরা। অনুশীলনে হালকা চোট পেলেও সুস্থ রয়েছেন মুশফিক। শঙ্কা নেই কাল মাঠে নামা নিয়ে। এখন অনুশীলন করছে আফগানরা। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে ভালো শুরু করতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা অবশ্যই ম্যাচটা জিতার। টি টোয়েন্টির ফরম্যাট টা এমন যে কোন সময়েই, যে কোন দলই জিততে পারে। তো আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমরা শুধু কালকের ম্যাচটা নিয়েই ফোকাস করছি। আমাদের শুরুটা যাতে ভালো হয় সেদিকে মনোযোগ দিচ্ছি। আশাকরি যদি আমরা ভালো শুরু করতে পারি তাহলে আমরা জিতবো।’
ডিসিএন বাংলা/খে.নি.