আজ বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার নামের জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জানা যায়, বিকেলে কারখানাটির ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু রোড এলাকার একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডিসিএন বাংলা/দু.নি.