কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। শনিবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ক্যাম্প-২২-এর সি-ব্লক থেকে তাদের আটক করা হয়। আটকৃ ব্যক্তিরা হলেন মৃত দিল মোহাম্মদের ছেলে মো. হাফেজ শফিক (২৬), মো. কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)।
তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশে প্রস্তুত এলজি, ও ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ‘সন্ত্রাসী ইসলাম গ্রুপের’ সক্রিয় সদস্য বলেও জানান তারিকুল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তিন রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক।
ডিসিএন বাংলা/আ.টে.নি.