প্যারিসের একটি রেলস্টেশনে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় প্যারিসের ব্যস্ততম গার দু নর্দ স্টেশনে এঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ফ্রান্সের পরিবহণমন্ত্রী জ্য বাপতিস্ত জেব্বারি জানিয়েছেন, স্টেশনে টহলরত পুলিশের ওপর হঠাৎ ১২ ইঞ্চি লম্বা একটি ছুরি নিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। ছুরির ব্লেডে পুলিশবিরোধী স্লোগান লেখা ছিল। হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন।
হামলাকারী ওই স্টেশনে প্রায়ই ঘুরাঘুরি করত বলে জানিয়েছে পুলিশ। যেকারণে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ছুরি হামলার ঘটনায় সোমবার সকাল থেকে রেলস্টেশন সংলগ্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ইউরোপের বৃহত্তম রেলস্টেশনগুলোর একটি গার দু নর্দ। এদিকে, ঘটনার সময় রেল স্টেশনে উপস্থিত থাকা ফ্রান্সের একটি টেলিভিশনের সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে অন্তত দুইবার গুলির শব্দ শোনা যায়।
ডিসিএন বাংলা/আ.নি.