শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট ও একরামপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করছে পুলিশ। নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীতলক্ষ্যা নদীর দুই স্থানে এক নারী ও এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী নৌ-পুলিশকে জানায়। পরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নারীর মরদেহের পেটে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে যুবকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে মরদেহ দুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয় করতে সিআইডি পুলিশের একটি তদন্ত দল নমুনা সংগ্রহ করেছে।
ডিসিএন বাংলা/না.দু.নি.