ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে কুইক রেসপন্স কোড (কিউআর কোড) যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে এ পোশাক সরবরাহ করা হতে পারে। ডিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। ডানে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে। সাধারণ ইউনিফর্ম থাকায় প্রতারক ও অপরাধীরা সহজেই এমন ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো বড় বড় অপরাধ করছে। এসব অপকর্মের কথা মাথায় রেখে পরিবর্তিত হচ্ছে ডিবির পোশাক।
ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। এরপর মোবাইলের অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে। ডিবি জানায়, এ মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে এ পোশাক সরবরাহ করা হতে পারে। নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড। পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত, গরম উভয়ের জন্য আরামদায়ক। এ ছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রঙ থাকবে যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে এ পোশাক তৈরি করা হচ্ছে যা বাজারে পাওয়া না যায় বলে জানানো হয়েছে।
ডিসিএন বাংলা/জা.আ.নি.