চট্টগ্রাম জেলা শহরের সদরঘাট এলাকার ফকির পাড়ায় তিনটি ভবনসহ বেশ কয়েকটি কাঁচা ঘর হেলে পড়েছে। সোমাবর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করেন তারা। তবে রাত বেশি হওয়ায় ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় রাতে একটি তিনতলা ভবন হেলে পড়ে। পাশাপাশি আরও একটি মন্দির এবং একটি একতলা ঘরে ফাটল দেখা দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। ভবনগুলোর পাশ দিয়েই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। খালের মাটি উত্তোলন করায় এমনটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ভবনগুলো হেলে পড়ে। তারা জানান, হেলে পড়া তিনতলা ভবনটি মনোরঞ্জন দাশের। সেটি গিয়ে পড়েছে একটি একতলা মন্দিরের ওপর। এর পাশে মাটির একটি একতলা ঘরে ফাটল ধরেছে। ওই একতলা ঘরের মালিক শম্ভু দাশ।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘একটি তিনতলা ভবন উত্তর দিকে হেলে গেছে। এর পাশে আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত। কিন্তু লোকজনকে সরাতে পারছি না। তারা বুঝতে চাচ্ছে না বিপদ।’
ডিসিএন বাংলা/চ.নি.