ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন:
মো: আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে ২২ একর ধানক্ষেত আগাছানাশক প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষক তন্ময় রায় এখন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
জানাগেছে, তন্ময় রায় ঋণ ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে চলতি মৌসুমে বিপুল খরচে ধানের চারা রোপণ করেছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকের কারণে তার পুরো ক্ষেতজুড়ে ধানের চারা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, কোথাও কোথাও পচে যাচ্ছে। এতে করে তার সব পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক তন্ময় রায় বলেন, “আমি ধারদেনা করে এই চাষ করেছি। এখন সব শেষ হয়ে গেছে। সরকার যদি সাহায্য না করে, তাহলে আমার বাঁচার উপায় থাকবে না।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক তন্ময় রায়ের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে বলেন সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা প্রদান করার আহব্বান জানান।
এব্যাপারে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক জানান, একজন কৃষকের স্বপ্ন ও জীবিকা এভাবে ধ্বংস হয়ে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সামগ্রিক কৃষি ব্যবস্থার জন্যও হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে তন্ময় রায়ের মতো অসহায় কৃষকের মুখে আবার হাসি ফিরিয়ে দিতে।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টিকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। মুঠোফোনে দেওয়া বক্তব্যে তিনি আরও জানান, কৃষকের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
ডিসিএন বাংলা টিভি: