ঝালকাঠি প্রতিনিধি দিবস তালুকদার :
ঝালকাঠিতে জর্দা কোম্পানীর এক নারী কর্মচারীর দায়ের করা ধর্ষন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বাদী ও তার কন্যা সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মিলন মল্লিক এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যমকে বলেছেন ঝালকাঠি থানার পক্ষ থেকে আদালতে এ সংক্রান্ত আবেদন করা হয়। ঐ আবেদনে উল্লেখ করা হয় মামলার বাদী ৩৪ বছর বয়সী এক নারী ও তার ভূমিষ্ঠ কন্যা সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ এবং পরবর্তীতে আসামীদের ডিএনএ’র সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
মামলারটির বাদী ঝালকাঠির চাচৈর গ্রামের আশ্রাফুল ইসলামের মেয়ে এবং তিনি শাহী জর্দা কোম্পানীর একজন কর্মচারী। চলতি বছরের জানুয়ারিতে ঝালকাঠি সদর থানায় জর্দা কোম্পানীর মালিক শামশুল হক মনু এবং ঐ নারীর সাবেক স্বামী ফরিদকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।
আবেদনটি শুনানি শেষে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নওরীন কবির তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
আদালতের আদেশে বলা হয়েছে, মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে বাদী ও তার কন্যার ডিএনএ নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করতে হবে এবং ডিএনএ বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে আসামীদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখার জন্য প্রোফাইল সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সিআইডির হেডকোয়ার্টারের ডিএনএ ল্যাবরেটরির ফরেনসিক বিভাগের চিফ ডিএনএ অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছে আদালত।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মাহমুদ বলেন, এই ডিএনএ পরীক্ষা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সত্য উদঘাটনে সহায়ক হবে। শিঘ্রই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ডিসিএন বাংলা/আ.নি.