সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ চার যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।
সিলেটের কাস্টমস কমিশনার এনামুল হক জানান, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিমানের বিজি ২৪৮ ফ্লাইট দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চারজন যাত্রীকে আটক করে তাদের লাগেজ তল্লাশি করে ইস্ত্রী, এয়ারকম্প্রেসার ও ওয়েল্ডিং মেশিনের ভেতর থেকে বিভিন্ন ভাবে রাখা ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।
এ সময় ওই চার যাত্রীকে আটক করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের উপ পরিচালক মো. আল আমিন।
আটকরা হলেন- হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাটের মকবুল আলী, বশির উদ্দিন ও সুলতান মাহমুদ।
ডিসিএন বাংলা/সি.বি.নি.