
পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বরগুনার তালতলীতে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি।
গুড নেইবারস জাপানের সহযোগিতায় এবং জাপানের বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ল্যান্ড অ্যাফরেস্টেশন প্রমোশন অর্গানাইজেশনের অর্থায়নে পরিবেশ সংরক্ষণ প্রকল্প এর আওতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির প্রায় ২০০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির সিডিপি অফিসার সুমন মল্লিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিডিপি ব্যবস্থাপক নাইমুর রহমান শোভন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির সদস্য মো. আবুল বশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভাপতি মো. ফারুক খান, উপজেলা সহকারী কৃষি অফিসার মো. জামাল হোসেন, সিডিসি সভাপতি আলমগীর হোসেন এবং ২১নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
বক্তারা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছের চারা রোপণের আহ্বান জানান এবং ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
ডিসিএন বাংলা টিভি:
All rights reserved © 2026
Leave a Reply