
হাসান কাজল এর প্রতিবেদনে:
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, আমরা জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করব না। বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা।
আজ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ, ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি এন্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ আয়োজিত ‘2nd Dhaka International Knee Summit 2026‘ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দক্ষতা এবং আধুনিক জ্ঞানের প্রকৃত মেলবন্ধন ঘটলেই কেবল চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। বর্তমান সুপার-স্পেশালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে স্বাস্থ্যসেবার আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদার চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন হবে, প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞ দলসমূহকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। স্বাস্থ্য খাতে এ ধরনের ঐতিহাসিক বরাদ্দ এই প্রথম। তবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এই তহবিলের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারগণ এ বছর স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের ছয়জন বিশেষজ্ঞ ডাক্তারকে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ হতে ফেলোশিপ প্রদান করা হয়। ‘Save your knees’ শিরোনামে একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।
ডিসিএন বাংলা টিভিঃ
All rights reserved © 2026
Leave a Reply