
মো: আব্দুল কাদের জিলানী,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে কৃষি কার্ড বিতরণসহ সরকারি কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের বিরুদ্ধে। উপ-সহকারী কৃষি কর্মকর্তার পাশে ইউপি সদস্যদের জন্য নির্ধারিত চেয়ারে বসে তার হাতে একাধিক কৃষি কার্ড দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কৃষি কর্মকর্তার পাশে বসে আছেন ময়নুল ইসলাম। তার হাতে রয়েছে একাধিক কৃষি কার্ড। এ সময় তাকে কর্মকর্তার সঙ্গে কথা বলতে এবং দাপ্তরিক কার্যক্রমে নির্দেশনা দেওয়ার ভঙ্গিতেও দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে রাজনৈতিক দলের নেতার এমন উপস্থিতি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তারা বলেন, কৃষি কার্ড বিতরণ নির্ধারিত সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী হওয়া উচিত।
সেনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম বলেন, “সরকারি কাজে দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপ বা কৃষি কার্ড বিতরণে সম্পৃক্ত হওয়ার কোনো নির্দেশনা বিএনপির নেই। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে এমন কর্মকাণ্ডে জড়িত হলে তা দলের সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াজকরুনি বলেন, “ময়নুল ইসলামসহ আরও কয়েকজন কৃষি কার্ড ছাড়াই সার নিতে এসেছিলেন। আমি তাদের ৪টা পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে সার দেওয়া হবে জানানো হলে ময়নুল ইসলাম আমার পাশে এসে বসেন। তবে সরকারি সার বিতরণ কার্যক্রমে তার কোনো দায়িত্ব বা কর্তৃত্ব ছিল না।”
স্থানীয়দের মতে, সরকারি কৃষি উপকরণ বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ থাকা উচিত নয়। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
ডিসিএন বাংলা টিভিঃ
All rights reserved © 2026
Leave a Reply