
ডিসিএন বাংলা টিভি:
নিউজ ডেক্স :
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তরের একটি সূত্র। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রবিবার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, “গত ১২ জুন এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে আমাদের তথ্য জানানো হয়েছে।”
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলা রয়েছে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক এই শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গ্রেফতারের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ডিসিএন বাংলা টিভিঃ
All rights reserved © 2026
Leave a Reply